পাঁচবিবিতে ফেনসিডিলসহ ঢাকার ৫ যুবক গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে গত সোমবার রাতে ১০ বোতল ফেনসিডিলসহ ঢাকার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার সূত্রাপুরের মো. তানভীর হোসেন (২৮), গোলাম মাহবুব (২৫), আল মামুন (২৭), তাঁতীবাজারের রিয়াজ উদ্দিন (২৭) ও গেন্ডারিয়ার লুৎফর রহমান (২৫)। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, ১০ বোতল ফেনসিডিল, ছয়টি মুঠোফোনের সেট এবং একটি করে ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ও ডিভিডিসহ ওই পাঁচজনকে তালিকাভুক্ত জেএমবির সদস্য সিরাজুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিরাজুল বাড়িতে ছিলেন না। তিনি ২০০৫ সালে ১৩ ফেব্রুয়ারি কালাই উপজেলার ব্র্যাক কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র কর্মকার জানান, ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া পাঁচ যুবক জেএমবির সদস্য। তাঁরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে সিরাজুলের বাড়িতে উপস্থিত থাকতে পারেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া তানভির ও তাঁর সঙ্গীরা গতকাল পাঁচবিবি থানায় সাংবাদিকদের জানান, তাঁরা সিরাজুলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। জেএমবির সঙ্গে জড়িত নন।