পাঁচবিবিতে বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১২১ জন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফেরায় তাদের পুনর্বাসন করা হয়েছে। এ ছাড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে আয়োজিত পুলিশ-জনতার বিশাল সমাবেশে পুলিশের রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, জয়পুরহাট-৩ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল খবীর সরকার, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, ভাষাসৈনিক মীর শহিদ মণ্ডল, জয়পুরহাট বণিক সমিতির সভাপতি আবদুল হাকিম মণ্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, জননেতা নন্দলাল পার্শী, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।
প্রধান অতিথি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধীদের পুনর্বাসন, বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে মুক্তি এবং জনসচেতনতা সৃষ্টি এ উদ্যোগ আমার চাকরিজীবনে নতুন অধ্যায়। বাল্যবিবাহমুক্ত ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন শতবর্ষের ঐতিহ্য ধারণকারী পাঁচবিবি উপজেলার সার্বিক উন্নয়নকে আরও বেগবান করবে ও পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা নতুন রূপ পাবে বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে পাঁচবিবি পৌরসভার ১২১ জন মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করা হয়। সমাবেশ থেকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়া বিক্রেতাদের একটি ইজিবাইকসহ সেলাই মেশিন, রিকশা, ঢেউটিন ও ক্ষুদ্র ব্যবসা করার জন্য সহযোগিতা করা হয়।