পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরের টিনের চালায় পড়ে গত সোমবার বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাকরগাছি গ্রামের আবদুর রহিমের বাড়ির গোয়ালঘরের কাছের একটি গাছ গত সোমবার রাত নয়টার দিকে বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে আবদুর রহিমের গোয়ালঘরের টিনের চালে পড়ে। এ সময় গোয়ালঘরে একটি গাভি ছটফট করলে রহিমের স্ত্রী কারিমা বেগম (২৬) গাভির গায়ে হাত বুলাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই সময় আবদুল জলিল (৫০), আবদুল করিম (৩০) ও ফিরোজ হোসেন (১৮) কারিমাকে বাঁচাতে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ওই তিনজন প্রাণে বাঁচেন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা কারিমাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।