পাঁচবিবিতে মারা গেছে ৩০০ শিশুগাছ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমিরপুর-বেড়াখাই ও কামদিয়া-বিনধারা সড়কের দুই পাশে লাগানো শিশুগাছে মড়ক লেগেছে। এ পর্যন্ত কমপক্ষে ৩০০ গাছ মারা গেছে। মরা গাছগুলো সরিয়ে না নেওয়ায় সেগুলো পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করেছে। এলাকাবাসী নন্দীগ্রামের জনাব্বর আলী জানান, আমিরপুর-বেড়াখাই রাস্তার ধাপেরহাট থেকে নিকড়দীঘি ও কামদিয়া বিনধারা রাস্তার নন্দীগ্রাম চারমাথা মোড় থেকে বিনধারা পর্যন্ত অংশে শিশুগাছগুলোতে মড়ক লেগেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের প্রকৌশলী সাইদুর রহমান জানান, আমিরপুর-বেড়াখাই রাস্তার দৈর্ঘ্য ৮ দশমিক ২৫ ও কামদিয়া-বিনধারার দৈর্ঘ্য ১০ কিলোমিটার। ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত এ দুটি রাস্তার পাশে শিশুসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছে। ২২ জুন আমিরপুর-বেড়াখাই সড়কের নান্দাইল এলাকায় গিয়ে দেখা গেছে, ওই এলাকায় শতাধিক শিশুগাছ মারা গেছে। মারা যাওয়া গাছগুলোর ডালপালা ও গোড়া শুকিয়ে গেছে। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার বলেন, ‘রাস্তার দুই পাশে মরা গাছ বিক্রির উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি। গাছের গোড়ায় মাটি নেই। সামান্য ঝড়-বাতাসে গাছ উপড়ে পড়ে। দুটি রাস্তায় কমপক্ষে ৩০০ গাছ মরে গেছে। উপড়ে পড়া গাছ বন বিভাগের রক্ষণাবেক্ষণকারী ভোক্তারা বিক্রি করে খায়।’ জেলা বন কর্মকর্তা জসিম উদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমিরপুর-বেড়াখাই রাস্তায় এক হাজার ৯৩৫টি গাছ আছে। এসব গাছে নম্বর করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপকহারে রাস্তার গাছ মারা যাচ্ছে। এখন আর নতুন করে শিশুগাছ লাগানো হচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তা (বগুড়া) মনিরুল ইসলাম গাছের মড়ক লাগার কথা স্বীকার করে বলেন, গবেষণায় শিশুগাছ মড়কের কোনো কারণ জানা যায়নি। বন বিভাগ থেকে নতুন করে শিশুগাছ লাগানো বন্ধ রয়েছে। ইতিমধ্যে দুটো রাস্তার গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।