পাঁচবিবিতে মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারী আটক
মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গত রোববার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।পুলিশ একই রাতে পাঁচবিবি উপজেলার শুকুরময় বাজার থেকে ছিনতাই হওয়া বাজাজ ব্র্যান্ডের অপর একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ এটি উদ্ধার করে।আটক হওয়া দুই ছিনতাইকারী হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আশমতপুর গ্রামের মো. স্বপন (২২) ও গোবিন্দগঞ্জ উপজেলার আখিরিয়া কামদিয়া গ্রামের বুলবুল সরকার (৩২)।পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, বাজাজ ব্র্যান্ডের ১২৫ সিসির মোটরসাইকেলটি রোববার রাতে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ইসুয়া এলাকা থেকে ছিনতাই করা হয়। মোটরসাইকেলের মালিক ওই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের দৌলত আলীর ছেলে মো. ফেরদৌস হোসেন। ছিনতাইকারীরা ইসুয়া এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি ছিনতাই করে। উদ্ধার করা মোটরসাইকেল দুটি পাঁচবিবি থানার হেফাজতে আছে।পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের অভিযোগে আটক স্বপন ও বুলবুলকে গতকাল সোমবার জেলা সদরে চালান করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।