পাঁচবিবিতে শুরু গ্রাম থিয়েটারের নাট্যোৎসব
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো চার দিনব্যাপী ‘গ্রাম থিয়েটার নাট্য উৎসব-২০১৭’ শুরু হয়েছে। উৎসবে দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব ও গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন ইউসুফ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান। শুক্রবার বেলা তিনটার দিকে নাট্যোৎসব উপলক্ষে পাঁচবিবির গোহাটি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ বলেন, মানুষের অধিকারের কথা নাটক-সংগীতের মধ্য দিয়ে বলতে হবে। পারিবারিকভাবে শিশুদের মানুষ হওয়ার জ্ঞান দিতে হবে। যেন তারা বড় হয়ে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে। কোনোভাবেই নারীর অধিকার ভিন্ন করা যাবে না। তিনি আরও বলেন, সংস্কৃতির সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। সাম্প্রদায়িকতা পরিহার করতে হবে। সে জন্য গ্রাম থিয়েটার কাজ করে যাচ্ছে।
পাঁচবিবি নাট্যোৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। উপস্থিত ছিলেন গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আগরওয়াল, রাজশাহীর সমন্বয়কারী কামারুল্লাহ সরকার, রংপুর অঞ্চলের জুলফিকার আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কনক পাঠক প্রমুখ।
উৎসবে উত্তরাঞ্চলের বিভিন্ন নাট্যদল অংশ নিচ্ছে। উৎসবে দিনেশ চন্দ্র সেনের সংগৃহীত বিদেশিদের জীবনকাহিনি নিয়ে গীতিনাট্য মহুয়া, মান্নান হীরার লাল জমিন, শিশুতোষ নাটক ভয়াল রাত্রি ও স্বপ্নের উপাখ্যান, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে শাস্তি, সেলিম আল দীনের বাসন, নকশী কাঁথার মাঠ এবং কোর্ট মার্শাল পরিবেশিত হবে।