পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের পাঁচবিবির নওদা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি প্রাইভেট কার উল্টে ঘটনাস্থলেই গাড়ির চালক নিহত হয়েছেন। নিহত চালক আকাশ ওরফে বাবু (৩২) বগুড়ার চক লোকমান এলাকার বাসিন্দা। এ ঘটনায় গাড়ির গুরুতর আহত পাঁচ যাত্রীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ওই ছয় যুবক প্রাইভেট কার নিয়ে দিনাজপুরের স্বপ্নপুরী দেখতে যাচ্ছিলেন। পথে পাঁচবিবির নওদা নামক স্থানে দুই শিশু রাস্তা পার হওয়ার সময় গাড়িটির সামনে পড়ে যায়। তাদের বাঁচাতে গিয়ে চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক বাবু নিহত হন। এ সময় কারে থাকা অপর পাঁচজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়। আহত ব্যক্তিরা হলেন রাজধানী ঢাকার সেগুনবাগিচার যমজ দুই ভাই রোজেন (২৫), সোজেন (২৫) এবং তাঁদের বন্ধু সোয়েব (২২), বগুড়া সদরের সুজাউল (২৬) ও স্বরূপ (২৫)।
আহত রোজেন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বলেন, তিনি তাঁর যমজ ভাই সোজেনসহ বন্ধু সোয়েবকে নিয়ে ঢাকা থেকে বগুড়ায় বেড়াতে এসেছিলেন। পরে বগুড়া থেকে বাবু, সুজাউল ও স্বরূপকে নিয়ে প্রাইভেট কারে করে দিনাজপুরের স্বপ্নপুরীতে বেড়াতে যাচ্ছিলেন। তখন এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার বলেন, হিলি থেকে হাকিমপুর যাওয়ার সময় পাঁচবিবির নওদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।