পাঁচবিবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার পাঁচবিবি-জয়পুরহাট সড়কের শিমুলতলী বাজারে সড়ক অবরোধ, মানববন্ধন, শোকসভা ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। দুপুর আড়াইটায় স্থানীয় হাজী মনির উদ্দিন উচ্চবিদ্যালয়সহ আশপাশে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, আয়মারসুলপুর জাগ্রত যুব সমাজ উন্নয়ন সংস্থা, শিমুলতলী বাজার বণিক সমিতি, পাঁচবিবি পৌরসভা সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করে। পাঁচবিবি-জয়পুরহাট সড়কের শিমুলতলী বাজারে অবরোধ কর্মসূচির কারণে ৩০ মিনিট কোনো যানবাহন চলাচল করেনি। এরপর শিমুলতলী বাজারে মানববন্ধন করা হয়। ৫ মে খাসবাগুড়ি গ্রামের পূর্ণচন্দ্র রায়ের ছেলে ও হাজী মনির উদ্দিন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র স্বপন কুমার রায় (১১) শিমুলতলী এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়।