পাঁচবিবিতে হাট ইজারার টাকা নয়ছয়!
পাঁচবিবি পৌরসভার অধীন পাঁচবিবি হাট ইজারার টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। ২০১০ সালে হাট ইজারার আয় থেকে ভূমি রাজস্ব খাত ও মুক্তিযোদ্ধাকল্যাণ তহবিলের প্রায় সাড়ে ১০ লাখ টাকা এখনো জমা দেয়নি পৌর কর্তৃপক্ষ।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর কর্তৃপক্ষ ২০১০ সালের ১৪ এপ্রিল দরপত্রের মাধ্যমে এক কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫১১ টাকায় এক বছরের জন্য পাঁচবিবি হাট ইজারা দেয়। সরকারি বিধান অনুযায়ী ইজারার টাকা আদায়ের এক সপ্তাহের মধ্যে ভূমি রাজস্ব খাতে ৫ শতাংশ হিসাবে ৫ লাখ ৮৯ হাজার ৫৭৫ টাকা এবং মুক্তিযোদ্ধাকল্যাণ তহবিলে ৪ শতাংশ হিসাবে ৪ লাখ ৭১ হাজার ৯০০ টাকা জমা দেওয়ার কথা। কিন্তু ইজারার সব টাকা আদায়ের আট মাস পার হলেও ওই দুই খাতে এখনো কোনো টাকা জমা দেওয়া হয়নি। এ ছাড়া ইজারার ৪৫ শতাংশ টাকা পৌরসভার হাট-বাজারের উন্নয়নে ব্যবহার করার সরকারি বিধান থাকলেও ২০১০ সালে এ হাটের উন্নয়নে কোনো কাজ হয়নি।এ ব্যাপারে পাঁচবিবি হাটের ইজারাদার আবদুল হাকিম মণ্ডল বলেন, ‘শর্ত মোতাবেক ইজারার সব টাকা পৌরসভায় জমা দিয়েছি।’ পৌরসভার সহকারী প্রকৌশলী এ টি এম মোস্তাফিজুর রহমান জানান, ইজারার সব টাকা পাওয়া গেছে। তবে ভূমি রাজস্ব খাত এবং মুক্তিযোদ্ধাকল্যাণ তহবিলের নির্ধারিত টাকা এখনো জমা করা হয়নি। উপজেলার মুক্তিযোদ্ধা কায়ছার রহমান বলেন, পৌরসভা থেকে এ বছর মুক্তিযোদ্ধাকল্যাণ তহবিলে কোনো টাকা পাওয়া যায়নি।এ প্রসঙ্গে পৌরসভার মেয়র শামসুল আলম বলেন, রাজস্ব আয় ও মুক্তিযোদ্ধাকল্যাণ তহবিলের টাকা জমা হলো কি না, এটা সরকারের বিষয়। সরকারই এটি দেখবে। এটা সংবাদপত্রে উল্লেখ করার মতো কোনো বিষয় নয়।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘হাট ইজারার অনেক পরে আমি জয়পুরহাটে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে জেলা রাজস্ব বিভাগে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’