পাঁচবিবিতে ১৬ দিনে ৪০টি গরুর মৃত্যু
জমিজমা নেই। স্বামী অন্যের জমিতে দিনমজুরির কাজ করেন। বাড়িতে গরুর দেখভাল করেন স্ত্রী সাবিনা বেগম। হঠাৎই রোগে আক্রান্ত হয়ে তাঁদের দুটি গরু মারা যায়। অসুস্থ একটি গরু বাধ্য হয়ে জবাই করে মাংস বিক্রি করেন তাঁরা। এখন তাঁদের আর গরু নেই।
কথাগুলো বললেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর পূর্বপাড়া গ্রামের দিনমজুর কায়ছার রহমানের স্ত্রী সাবিনা বেগম। ওই কুয়াতপুর পূর্বপাড়া ও শুকানপুকুর গ্রামে ১৫-১৬ দিনের ব্যবধানে ৩৮-৪০টি গরু মারা যায়। আর ১০-১২টি অসুস্থ গরু গ্রামে জবাই করে মাংস বিক্রি করা হয়।
গত শুক্রবার ওই গ্রামের কয়েকজন কৃষক ও গরু পালনকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে গরুর গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে, তারপর মুখে ঘা ও পায়ের খুরায় ঘা হয়ে আক্রান্ত হওয়ার চার-পাঁচ দিন পর গরু মারা যায়। গত ২২ জুন থেকে ওই দুই গ্রামে ১৫-১৬ দিনে খুরারোগে আক্রান্ত হয়ে ৪০টির মতো গরু ও গরুর বাছুর মারা যায়। এলাকার কৃষকদের অভিযোগ, গরুর চিকিৎসায় প্রাণিসম্পদ বিভাগের যেভাবে সহযোগিতা প্রয়োজন, সেভাবে পান না তাঁরা।
ওই গ্রামের কায়ছার রহমানের দুটি ষাঁড় মারা গেছে। তাঁর আরেকটি গরু জবাই করে বিক্রি করেছেন। এ ছাড়া আবদেল আলীর একটি, মোহাম্মদ আলীর একটি, মাজেদ আলীর একটি, হাফিজুলের একটি, মাবুদের একটি, ইসমাইল হোসেনের একটি, মোফাজ্জল হোসেনের একটি, আব্দুর রাজ্জাকের একটি, জিয়ারুলের একটি, জামাল উদ্দিনের একটিসহ ৩৮টি গরু-বাছুর মারা যায়। আশরাফ আলীর দুটি ভেড়াও মারা যায়। এ ছাড়া জিয়ারুলের একটা রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন।
কুয়াতপুর পূর্বপাড়া গ্রামের আবদুস সালাম বলেন, তাঁর তিনটি গরুর একটি আক্রান্ত। রোগের ভয়ে গত সপ্তাহে দুটি বাছুর বিক্রি করা হয়। গরুই তাঁর সম্বল। গরুর টাকায় চার ছেলেমেয়েকে লেখাপড়া করান।
এদিকে পাঁচবিবির শুকানপুকুর গ্রামের সাহারুল ইসলামের দুটি বকনা গরু মারা যায়। ওই গ্রামের নুর মোহাম্মদের একটি বাছুর মারা যায়।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, ৪০টি গরু ১৫-১৬ দিনের ব্যবধানে মারা গেছে। গরু-ছাগলের চিকিৎসায় প্রাণিসম্পদ বিভাগ আরও তৎপর হলে রোগবালাই কম হতো।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই এলাকায় খুরারোগে আক্রান্ত ও আক্রান্ত হয়নি এমন গরুগুলোকে এলাকায় গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে। হাটবাজার থেকে রোগাক্রান্ত গরু না কেনার পরামর্শ দেন তিনি।
জয়পুরহাট আঞ্চলিক প্রাণিসম্পদ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আবদুর রহমান বলেন, ওই এলাকায় গিয়ে খুরারোগে আক্রান্ত গরুর শরীর থেকে রক্ত, পায়খানা ও মুখের লালা সংগ্রহ করেছেন। এগুলো পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পেলে জানা যাবে, গরুগুলো খুরারোগ বা অন্য কোনো রোগে আক্রান্ত কি না।
জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সালাম মুঠোফোনে বলেন, তিনি অনেক কৃষকের সঙ্গে কথা বলেছেন। ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি খুরারোগে আক্রান্ত গরুকে পৃথক ও শুকনো জায়গায় রাখা, গরুর পায়ে মাছি-মশা বসতে না দেওয়া এবং প্রয়োজনে পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।