পাঁচবিবিতে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে ইউনিয়নের রতনপুর গ্রামের শালুয়ার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত তরিকুল ইসলাম (৪০) মাদক চোরাচালানি ছিলেন। বুধবার দিবাগত রাতে মাদক চোরাচালানের সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তাঁর বিরুদ্ধে মাদকবিরোধী আইনে কয়েকটি মামলা হয়েছে।
এদিকে তরিকুল পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তাঁকে বিজিবির সদস্যরা তুলে নিয়ে গুলি করে হত্যা করেছেন।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পালের ভাষ্য অনুযায়ী, পাঁচবিবির ধরজ্ঞি ইউনিয়নের সীমান্ত দিয়ে দেশে বড় মাদকের চালান প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিজিবি ৩ নম্বর ব্যাটালিয়নের একটি যৌথ দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত চারটার পর ২০ থেকে ২২ জনের একটি চক্র মাদকদ্রব্য নিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করে। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি করা শুরু করে। যৌথ বাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে অন্য চোরাচালানিরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের সময় মাথায় ও শরীরে গুলিবিদ্ধ হয়ে তরিকুল ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ২১২ বোতল ফেনসিডিল, চাপাতি, রামদা, কুড়াল ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। নিহত তরিকুলের শরীরে বিশেষ কায়দায় কালো কাপড়ে ৫০ বোতল ফেনসিডিল প্যাঁচানো ছিল।
গতকাল বৃহস্পতিবার নিহত তরিকুলের বাড়িতে গেলে তাঁর বাবা আয়েজ উদ্দীন অভিযোগ করেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রতনপুর বাজারের চৌধুরী মসজিদ মোড় এলাকা থেকে তরিকুলকে তুলে নিয়ে যান বিজিবির সদস্যরা। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারেন, তরিকুল পুলিশের গুলিতে মারা গেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিজিবি ৩ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবীর সরকার। তিনি বলেন, মাদকের চালান নিয়ে দেশে ফেরার সময় বন্দুকযুদ্ধেই নিহত হয়েছেন তরিকুল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, তরিকুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকবিরোধী আইনে ১১টি মামলা আছে। এর মধ্যে ছয়টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।