সরকারদলীয় সাংসদ মাহফুজা মণ্ডল পাঁচবিবি উপজেলার জন্য বরাদ্দ করা ৬০ মেট্রিক টন টিআর ফেরত নিলেন। সাংসদের চাহিদামতো ভাগাভাগি না হওয়ায় বরাদ্দ ফেরত নিয়েছেন বলে অভিযোগ তুলেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামোর (টিআর) কর্মসূচির আওতায় জয়পুরহাটের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহফুজা মণ্ডলের অনুকূলে দ্বিতীয় পর্যায়ের ১৫০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯০ মেট্রিক টন ও পাঁচবিবি উপজেলায় ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বরাদ্দ চালের প্রকল্প ভাগাভাগি নিয়ে মতভেদ দেখা দেওয়ায় সাংসদ এ চাল ফেরত নিয়ে সদর উপজেলায় দিয়ে দেন। পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, ‘সাংসদ বরাদ্দ টিআর প্রকল্পের ৫০ ভাগ নিজেই বিলিবণ্টন করার দাবি করেন। এ প্রস্তাবে আমরা রাজি হইনি। এলাকার উন্নয়নের জন্য আমরা সাংসদকে বরাদ্দের ২০ ভাগ দিতে চেয়েছিলাম। তিনি রাজি না হওয়ায় উপজেলার পুরো বরাদ্দ ফেরত নিয়েছেন। বিষয়টি দলীয় সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কাগজপত্রে টিআরের বরাদ্দ ৬০ মেট্রিক টন চাল এসেছিল, আবার তা ফেরত গেছে।মাহফুজা মণ্ডল বলেন, ‘পাঁচবিবিতে টিআর বরাদ্দ করলে দলীয় ও প্রশাসনের লোকেরা ভাগবাটোয়ারা করে খায়। সেখানে টিআরের কাজ মানসম্পন্ন হয় না। এর আগে দেওয়া টিআরের তিনটি প্রকল্পের কাজ ঠিকমতো করতে না পারায় বরাদ্দ ফেরত এসেছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের সঙ্গে ছয় মাস ধরে আমার কোনো যোগাযোগ নেই।’