পাঁচলাইশ থানার ওসির বিরুদ্ধে ঘুষের মামলা
বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন, মারধর এবং এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তা এবং দুই সোর্সের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার নগরের শুলকবহর আল মাদানি রোডের গোলতাজ ভিলার বাসিন্দা ব্যবসায়ী সাইফুল হক বাদী হয়ে মামলাটি করেছেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমানের আদালতে মামলাটি হয়। আদালত মামলাটি আমলে না নিয়ে ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন। বাদী সাইফুল হক দণ্ডবিধির ৩৮৬ ধারায় এই অভিযোগ এনেছেন। মামলায় অন্য ছয় অভিযুক্ত হলেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, এসআই মাহবুব হোসেন, মো. মনির নামে দুজন এএসআই এবং পুলিশ সোর্স আলী ও জহির আহমদ। আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ওসি আলমগীর হোসেনসহ অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অন্যথায় তাঁকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানিরও হুমকি দেন। কিন্তু বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৫ আগস্ট নগরের বহদ্দারহাট বাজার থেকে তাঁকে তুলে পাঁচলাইশ থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে আবারও তাঁকে দুই লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।