পাংশা পৌরসভার কর্মচারীরা বেতন পান না দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পাংশা পৌরসভার কর্মচারীরা দুই মাস যাবৎ বেতন-ভাতা পাচ্ছেন না। বেতন না পাওয়ায় কর্মচারীরা মানবেতর দিন কাটাচ্ছেন।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে পাংশা পৌরসভার যাত্রা শুরু হয়। পৌরসভায় বর্তমানে মোট ৯৬ জন কর্মচারী কর্মরত। এঁদের মধ্যে স্থায়ী কর্মচারী ৩৯ জন এবং বাকি ৫৮ জন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।
পৌরসভায় কর্মরত কর আদায়কারী আনিসুর রহমান বলেন, ‘আমরা অল্প বেতনে চাকরি করি। এই টাকা দিয়েই ছেলেমেয়ের পড়ালেখার খরচ, পরিবারের ভরনপোষণ ও আনুষঙ্গিক খরচ করি। কিন্তু বেতন না পাওয়ায় মানবেতর দিন কাটাতে হচ্ছে। দোকানদারেরা বাকিতে জিনিসপত্র দিতে চাইছেন না। বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা করে চলতে হচ্ছে।’
পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, পৌরসভার বিভিন্ন আয় থেকে কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। বর্তমানে আয় না থাকায় দুই মাস বেতন দেওয়া বন্ধ রয়েছে।