পাংশায় গুলিবিদ্ধ ইউপি সদস্য মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ কুমার শীল (৩৫) গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের কানাই লাল শীলের ছেলে দেবেশ পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আধারকোটায় নিজের মাছের খামারের টংঘরে গত মঙ্গলবার রাতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে আট-দশজন তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর দুর্বৃত্তরা দেবেশকে দিয়ে একই ইউনিয়নের বিলনিহারী গ্রামের হামেদ বিশ্বাসের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ উদ্দিন বিশ্বাসকে (৩৮) মুঠোফোনের মাধ্যমে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে। একপর্যায়ে দুর্বৃত্তরা দেবেশের শরীরের বিভিন্ন স্থানে চারটি ও ফয়েজ উদ্দিনের শরীরে দুটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে দেবেশ মারা যান। ফয়েজ উদ্দিন চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার দেবেশের স্ত্রী আলপনা শীল কালুখালী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মামলার এজাহারভুক্ত খিলা সাহা ও সন্দেহভাজন রতন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেবেশ আহত হওয়ার পর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে জবানবন্দি দিয়ে গেছেন।’