পাংশায় বিএনপির বাধা জামায়াত
রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলীয় প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থীর প্রধান বাধা জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী কাজী ফরহাদ জামিল।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের ৫ মে থেকে ১৯৯৩ সালের ২৯ মার্চ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চারটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দুবার ও বিএনপি-সমর্থিত প্রার্থী দুবার করে মেয়র নির্বাচিত হন।
পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ২৪৩ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ২০১ জন ও মহিলা ১০ হাজার ৪২ জন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আল মাসুদ বিশ্বাস। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চাঁদ আলী বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী পৌর জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল। এ ছাড়া জাসদের প্রার্থী মাসুদুর রহমান ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী তজিবর রহমান প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র ওয়াজেদ আলী মণ্ডল ও তাঁর ভাই ইদ্রিস আলী মণ্ডল। দলীয়ভাবে সমঝোতা হওয়ায় তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। এতে স্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।
আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, ‘বড় দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। এখন সবাই নৌকাকে বিজয়ী করতে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় দল আমাকে মূল্যায়ন করেছে। আশা করি, আমি দলের সম্মান অক্ষুণ্ন রাখতে পারব।’
কাজী ফরহাদ জামিল বলেন, ‘আমার পরিবারের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। আমার বড় চাচা সাবেক সাংসদ ও আমার বাবা পাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাংশাবাসীর প্রতি আস্থা রয়েছে তাঁরা আমাকে মূল্যায়ন করবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলীয় প্রার্থী সুবিধাজনক অবস্থায় থাকলেও জামায়াতের নেতা মেয়র পদে প্রার্থী হওয়ায় তা বিএনপির প্রার্থীর জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বিএনপির সাবেক সাংসদ নাছিরুল হক ও বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে। চাঁদ আলী সাধারণ সম্পাদকের সমর্থক।
চাঁদ আলী বিশ্বাস বলেন, জামায়াতের নেতারা দাবি করেন তাঁদের ‘ভোটব্যাংক’ এ প্রায় দেড় হাজার ভোট রয়েছে। এতে তেমন সমস্যা হবে না। বিএনপির প্রতি পাংশাবাসীর আস্থা রয়েছে।