পাংশার অবহেলিত জনপদ চর রামনগর
রাজবাড়ীর পাংশা উপজেলার অবহেলিত পল্লির নাম ‘চর রামনগর’ বা ‘সাদারচর’। পাংশা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের এই নিভৃত পল্লিতে যেতে হলে অন্তত সাত কিলোমিটার পথ হাঁটতে হয়। দুর্গম এই পল্লিতে নেই বিদ্যুৎ, শিক্ষাব্যবস্থাও নাজুক। কৃষিকাজ এখানকার মানুষের মূল পেশা। চরের পাশে পদ্মা নদীর ওপারেই রয়েছে পাবনার চরাঞ্চল। যেখানে চরমপন্থীদের আনাগোনা রয়েছে। গত ৫ এপ্রিল এই চরেই সাধুসঙ্গ চলাকালে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বাউলদের ওপর নির্যাতন চালান। চর রামনগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হায়দার বলেন, এ অঞ্চলে প্রায় সাত হাজার মানুষের বসবাস। চর আফরা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদের বলেন, হাবাসপুর ইউনিয়নের সবচেয়ে দুর্গম ও অবহেলিত হচ্ছে চর রামনগর, পূর্ব চর আফরা ও চর শাহ মীরপুর। এই তিন মৌজার মানুষ এতটাই অবহেলিত যে একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হলে পাঁজাকোলা করে বা ভ্যানে ঠেলে নিতে হয়। ১৯৯৯ সালে এলাকাবাসী পল্লী বিদ্যুতের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি। হাবাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলিম বলেন, ‘কয়েক বছরে তিন কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করেছি এবং প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার কাজ চলছে। শিগগিরই বড় অঙ্কের অর্থ ব্যয়ে রাস্তার পাকাকরণের কাজ শুরু হবে। তবে চরমপন্থীদের তৎপরতার কারণে এলাকার অনেক কাজই আমার পক্ষে করা সম্ভব হয়নি।’ পাংশা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ওই অঞ্চলে চার-পাঁচজন পুলিশ যাওয়ার সাহস পায় না। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস বলেন, ‘স্থানীয় সাংসদ ও পুলিশ প্রশাসনকে চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি।’ পুলিশ সুপার এস এম আইনুল বারী প্রথম আলোকে বলেন, উল্লেখযোগ্য অভিযান চালানোর কারণে পাংশার ওই দুর্গম চরাঞ্চলের পরিস্থিতি আগের থেকে এখন অনেকটাই ভালো।