পাংশার তিন সন্ত্রাসী ভারতে গ্রেপ্তার
দক্ষিণ অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সংগঠন অমল বাহিনীর প্রধান অমল কৃষ্ণ মণ্ডলকে (৪৪) দুই সহযোগীসহ ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
অমল মণ্ডলের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার সুবর্ণকোলা গ্রামে। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন সুধান মণ্ডল ওরফে সুধাংশু মণ্ডল (২৯) ও আবদুল ওহাব মণ্ডল (৩১)। সুধানের বাড়ি পাংশার পিড়ালীপাড়া গ্রামে আর ওহাবের বাড়ি নিভা গ্রামে।
পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, অমল দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপন করেছিলেন। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর ভারতের নদীয়ার এসপির সঙ্গে যোগাযোগ করা হয়। ৫ মার্চ পুলিশ অমলের দুই সহযোগীকে গ্রেপ্তার করে। গত বুধবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শান্তিপুর থেকে অমলকে গ্রেপ্তার করা হয়। অমলের বিরুদ্ধে পাংশা থানায় তিনটি হত্যা, একটি অপহরণ ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।