পাংশার দুই ইউনিয়নে ঈদের ভিজিএফের চাল বিতরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ও কলিমহর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিজিএফের চাল এখন পর্যন্ত বিতরণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে বিতরণের জন্য পাট্টা ইউনিয়নের এক হাজার ৭৬টি পরিবারের জন্য ১০ দশমিক ৭৬০ মেট্রিক টন ও কলিমহর ইউনিয়নের এক হাজার ৫০টি পরিবারের মধ্যে বিতরণের জন্য সাড়ে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদের আগে ইউনিয়নের সুবিধাভোগী প্রতি সদস্যের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও গতকাল রোববার পর্যন্ত তা বিতরণ করা হয়নি। পাট্টা ইউপির চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাদের অর্ধেক কার্ড দাবির প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় তালিকা তৈরি সম্ভব হয়নি। আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হওয়ায় খুব শিগগিরই চাল বিতরণ করা হবে। কলিমহর ইউপির চেয়ারম্যান আক্কাস আলী বলেন, প্রথমে সাড়ে ১১ মেট্রিক টন চাল বিতরণ করার কথা ছিল। সে অনুযায়ী তালিকা করা হয়। কিন্তু পরে এক মেট্রিক টন চাল কম বরাদ্দ দেওয়ায় নতুন করে তালিকা তৈরি সম্ভব হয়নি।পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, তালিকা না পাওয়ায় চাল বিতরণ করা হয়নি।