পাংশায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জাগের বাগলি গ্রামে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় আওয়ামী লীগের এক নেতাকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম ডালিম শেখ (৩২)। তিনি সরিষা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী সাথী আক্তার জানান, রাতের খাওয়া-দাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। সোয়া ১২টার দিকে ১০-১২ জন অচেনা যুবক এসে পানি খেতে চায়। তিনি ডালিম বাড়িতে নেই বলে জানিয়ে দেন। এ সময় শ্বশুর (ডালিমের বাবা) পাশের ঘর থেকে এসে তাদের পানি খাওয়ান। পানি খাওয়ার পর তারা জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে ডালিমকে দেখতে পেয়ে জরুরি কথা আছে বলে উঠিয়ে দিতে বলে। ডালিম ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাঁর বুকে ও পেটে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি চালিয়ে চলে যায়। সরেজমিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দেখা যায়, উঠানে ডালিমের লাশ পড়ে আছে। বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছেন তাঁর বাবা, বারবার মূর্ছা যাচ্ছেন মা। চার বছরের ছেলেকে জড়িয়ে ধরে বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী। সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. আবদুস সোবহান জানান, ডালিম স্থানীয় বৃত্তিডাঙ্গা বাজারে মুদি দোকান ও কাঠের ব্যবসা করতেন। তাঁর জানামতে, ডালিমের সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক জানান, চরমপন্থী বিপুলের সঙ্গে ডালিমের যোগাযোগ ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে চরমপন্থীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এখনো কোনো মামলা করা হয়নি।