পাংশায় আ.লীগ নেতাসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের একজন নেতাও রয়েছেন।


গুলিবিদ্ধ লাশ
উপজেলার মাছপাড়া ইউনিয়নের ফলিমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে আজ সকালে আওয়ামী লীগের এক নেতাসহ দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন খোকশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মহব্বত হোসেন (৪৮) ও ফিরোজ আহমেদ ওরফে কামাল (৪৫)। তাঁদের বাড়ি কুষ্টিয়ার খোকশা উপজেলার সমমপুর এলাকায়। দুজনেই পেশায় ঠিকাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ফলিমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পাংশা থানায় খবর দেয়। নিহত দুজনের মুখ লাল টেপ দিয়ে পেঁচানো ছিল এবং মাথায় গুলিবিদ্ধ।

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও খোকশা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান আজ সোমবার সকালে প্রথম আলোকে জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ওই দুজনকে ধরে নিয়ে যায়। পরে তাঁদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অপহরণের পর গুলি করে ওই দুজনকে হত্যা করা হয়েছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।


হাত বাঁধা অজ্ঞাত লাশ
উপজেলার সরিষা ইউনিয়নের বড়বন গ্রামে একটি মাঠসংলগ্ন ইসলাম মাস্টারের পুকুরের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি হাত বাঁধা, গলায় রশি পেঁচানো। আজ সকালে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন সরিষা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সোবহান।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার প্রাথমিকভাবে লাশটির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে।

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কুষ্টিয়া প্রতিনিধি]