পাংশায় গুলিবিদ্ধ উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তের গুলিতে আহত জেলা কৃষক লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেন গত শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক লীগ।
নিহত নাদেরের ছেলে মাসুদুর রহমান জানান, তাঁর বাবার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। উপজেলা পরিষদে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এলাকায় তাঁর জনপ্রিয়তা বেড়ে যায়। নাদেরের সঙ্গে নির্বাচনে পরাজিত প্রার্থী আবদুল আলীমের ঘনিষ্ঠতা রয়েছে। নাদের বিভিন্ন সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলীমের মোটরসাইকেলে চলাফেরা করতেন। এতে এলাকায় আবদুল আলীমের জনপ্রিয়তা বাড়তে থাকে। এ নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আল মামুন খানের সঙ্গে নাদেরের বিরোধ দেখা দেয়।
ঘটনার সময় নাদেরকে তাঁর ব্যক্তিগত মোটরসাইকেলের চালক আবুল কাশেম সরদার বহন করছিলেন। তিনি জানান, শুক্রবার সকালে কাচারীপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মতি মিয়ার ছেলে মঞ্জু মিয়া তাঁদের মোটরসাইকেল থামিয়ে পিস্তল দিয়ে দুটি গুলি চালান। একটি গুলি নাদেরের চোয়ালে এবং অন্যটি পাঁজরে লাগে। নাদেরের ভাতিজা শাহীনুর রহমান বলেন, ‘চাচা গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাই। এ সময় চাচা বলেন, “মঞ্জু তাঁকে গুলি করে এবং পাশে ফখরুল ইসলাম ওরফে বাবু (আল মামুন খানের ভাই) ও বজলুসহ মোট চারজন ছিল।”’