পাংশায় গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের আধারকোটা কবরস্থানের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার দুটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে তাঁদের হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। নিহত দুজন হলেন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুটিয়াট গ্রামের জলিল উদ্দিন সরদারের ছেলে ইয়াকুব আলী সরদার ওরফে মানিক (৪৬) ও একই গ্রামের গোড়াই মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩৪)। সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস সোবহান জানান, সকালে পেঁয়াজের খেতে পানি দিতে এসে স্থানীয় লোকজন প্রায় ১০ হাত দূরত্বের মধ্যে দুটি লাশ পড়ে থাকতে দেখে। তাঁদের হাত পেছনে বেঁধে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শহিদুলের ভাই রফজেল হোসেন জানান, তাঁর ভাই মোটরসাইকেল ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন। বুধবার রাত আটটার দিকে মানিক তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। তবে তাঁদের কেন হত্যা করা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। পাংশা থানা সূত্রে জানা গেছে, নিহত মানিকের নামে পাংশা থানায় দুটি ডাকাতির ও শহিদুলের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে। ডাকাতি মামলায় মানিক কারাভোগের পর প্রায় পাঁচ মাস আগে মুক্তি পান। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।