পাংশায় জমি দখল ফের হামলার ভয়ে পরিবার গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাইকারা গ্রামের খোরশেদ মুন্সি নামের এক ব্যক্তির ইজারা নেওয়া ৬৮ শতাংশ জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দখলকারীদের ভয়ে দুই মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে খোরশেদ মুন্সির পরিবার।সরেজমিনে গিয়ে ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাইকারা গ্রামের খোরশেদ মুন্সি ৬৮ শতাংশ জমি ১৯৮৯ সালে সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেন। ১৯৯২ সালে স্থানীয় কাসেম মণ্ডল ওই জমির কিছু জায়গায় জোরপূর্বক একটি ঘর তোলেন। মাস চারেক আগে কাশেম মণ্ডল খোরশেদ মুন্সির ঘরটি ভেঙে ওই জমিতে চারটি ঘর তুলে ৬৮ শতাংশ জমিই দখল করে নেন। এ ব্যাপারে খোরশেদের ভাই আনোয়ার মুন্সি আদালতে মামলা করেছেন।ইজারা নেওয়া ওই জমির পাশেই খোরশেদদের পৈতৃক বাড়ি। গত ১১ এপ্রিল খোরশেদের আরেক ভাই আবুল মুন্সি বাড়ি ফেরার পথে কাশেম মণ্ডল ও তাঁর লোকজন তাঁকে পিটিয়ে জখম করে। এ ঘটনার পর থেকে কাসেম মণ্ডল ও তাঁর লোকজন খোরশেদের পরিবারের লোকজনকে হুমকি ও ভয়ভীতি দেখানোয় তাঁরা এখন বাড়িছাড়া।খোরশেদ অভিযোগ করেন, ‘ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের গাফিলতি ও পুলিশের রহস্যময় ভূমিকার কারণে আমরা বিচার পাচ্ছি না।’ কাসেম মণ্ডল (৫০) বলেন, ‘আমরা ৭১ সাল থেইক্কা এহানে আছি। সরকারের জায়গায় আছি, তাতে ওনাদের (খোরশেদ মুন্সিদের) কী?’বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান আবুল হোসেন গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খোরশেদ মুন্সির জমি কাসেম মণ্ডল ও তাঁর লোকজন দখল করায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। এমনকি কয়েকবার মারধরের ঘটনাও ঘটেছে। বিষয়টি জানার পর দুই পক্ষকে ডাকলেও কাসেম মণ্ডলের লোকজন না আসায় সমাধান হয়নি।’পাংশা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক জানান, ‘কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় রিপোর্ট আদালতে পাঠানো হবে। এ ছাড়া জমি কেউ দখল করে থাকলে আমাদের করার কিছুই নেই। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’