পাংশায় তরুণের অস্বাভাবিক মৃত্যু গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশা উপজেলায় গত বুধবার রাতে পলাশ মণ্ডল (২৮) নামের এক তরুণের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁর বাবা এক নারীকে আসামি করে হত্যা মামলা করেছেন। ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বিষ্ণুপুর গ্রামের পলাশ মণ্ডলের সঙ্গে এক নারীর (২৮) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় আট বছর আগে এক ব্যক্তির সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পরে স্বামী বিদেশ চলে যাওয়ার পর আবার তাঁদের যোগাযোগ শুরু হয়। সম্প্রতি পলাশ বিয়ের প্রস্তাব দিলে ওই নারী অস্বীকার করেন। গত বুধবার রাতে তিনি ওই নারীর বাসায় যান। সেখান থেকে গভীর রাতে পলাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই নারী বলেন, রাতে পলাশ তাঁকে বিয়ে করার জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে নিহত পলাশের বাবা করিম মণ্ডল বলেন, বুধবার বিকেলে তিনজন যুবক পলাশকে ডেকে নিয়ে যায়। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।