পাংশায় দিনমজুরের বাড়িঘর ভাঙচুর
রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা গ্রামে দিনমজুর নজরুল ইসলামের বসতভিটা দখলের জন্য গত শনিবার দুপুরে তাঁর বাড়িঘর ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মৈশালা গ্রামের অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রেতা মো. নজরুল ইসলামের বাড়ির তিনটি ঘরের মধ্যে দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙা ঘরের মেঝেতে টিনসহ অন্য জিনিসপত্র পড়ে আছে। আর ভিটের ওপর দাঁড়িয়ে আছে সিমেন্ট দিয়ে তৈরি খুঁটি। অন্য ঘরের ছোট্ট বারান্দায় বই নিয়ে বসে আছে আইব ও সাগর নামের দুই শিশু। নজরুল ইসলামের স্ত্রী জরিনা বেগম জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৫-১৬ জন সন্ত্রাসী এসে তাঁদের বাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় তিনি তাদের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করলে তারা অবশিষ্ট ঘরটি এক দিনের মধ্যে সরিয়ে অন্যত্র চলে যেতে বলে। অন্যথায় এ ঘরটিও তারা ভেঙে দেবে বলে শাসিয়ে যায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।’