পাংশায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ১২
রাজবাড়ীর পাংশা উপজেলায় বনভোজনের মাইক বন্ধ করাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বহরমোড় বাজারে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে শরৎ মণ্ডল, কুমারেশ মণ্ডল ও ঝন্টুসহ চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের কয়েকজন যুবক পাগলের আশ্রম এলাকায় বনভোজনের আয়োজন করেন। মাগরিবের আজানের সময় ওই এলাকার ছেলেরা বনভোজনের মাইক বন্ধ করে দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল সকাল আটটায় বিলজানা গ্রামের পংকজ বিশ্বাস ও নিরোদ বিশ্বাস বহরমোড় বাজারে যান। এ সময় আন্ধারকোঠা গ্রামের নগর মণ্ডল, অমৃত, গোকুল, সুজন ও অসিমসহ ২০-২৫ জন ওই বাজারে অবস্থান করছিলেন। আগের দিনের ঘটনার জেরে তাঁরা পংকজ ও নিরোদের ওপর হামলা চালান। একপর্যায়ে আন্ধারকোঠা ও বিলজানা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ১০ জন আহত হন।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী মোফাজ্জেল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।