পাংশায় দুটি গ্রাম পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর উন্মত্ততায় গত এক সপ্তাহে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের দুটি গ্রাম নতুন চরপাড়া ও চর শাহমিরপুর বিলীন হয়েছে। গত রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীপারের গ্রামের আতঙ্কিত মানুষেরা তাঁদের ঘর ভেঙে ও গাছগাছালি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। অনেকে বসতভিটায় বসে কাঁদছেন। অন্যদিকে বাস্তুহারা মানুষ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, বেড়িবাঁধ ও অন্যের জায়গায় আশ্রয় নিয়েছেন। হুমকির মধ্যে আছে শাহমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও চারটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ছয়টি মসজিদ। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মার ভাঙনে ইতিমধ্যে দুটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ, একটি মাদ্রাসাসহ ৫০০ পরিবারের প্রায় দুই হাজার ঘড়বাড়ি ও দুই হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হাবাসপুর খেয়াঘাটের পশ্চিম পাশ থেকে ভাঙন শুরু হয়ে মিয়াপাড়া, নতুন চরপাড়া, শাহমিরপুর, চর শাহমিরপুর, পূর্ব চর আফরা, চর রামনগরের প্রায় পাঁচ কিলোমটার এলাকার দুই হাজার বিঘা ফসলি জমি, প্রায় ৫০০ পরিবারের দুই হাজার ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে। গত এক সপ্তাহের নদীভাঙনের ফলে হাবাসপুর উত্তরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হাবাসপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, নতুন চরপাড়া জামে মসজিদ, পূর্ব শাহমিরপুর জামে মসজিদ, চর শাহমিরপুর জামে মসজিদ এবং চর শাহমিরপুর জামে মসজিদ ও মাদ্রাসা নিশ্চিহ্ন হয়ে গেছে।পূর্ব চর আফরা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদের (৫২) বলেন, ‘আমার বাড়িসহ ৫২ বিঘা ফসলি জমি এবং কমপক্ষে ৬০ হাজার টাকার বিভিন্ন গাছ এখন নদীর পেটে। আমি এখন নিঃস্ব অবস্থায় আমার আত্মীয় আলম মণ্ডলের বাড়িতে আশ্রয় নিয়েছি।’ রহম আলী শেখ (৭০) জানান, তাঁর ৬২ বিঘা জমি ও তিন লাঙল হালের বলদ ছিল। জমিজমা সবই এখন নদীতে চলে গেছে। আ. রব বলেন, নদীভাঙনের শিকার হয়ে সপ্তাহ খানেক আগে এখানে বাড়ি করেছি। কিন্তু দু-এক দিনের মধ্যেই অন্য কোথাও চলে যেতে হবে। হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান বলেন, নদীভাঙন তীব্র আকার ধারণ করায় চার-পাঁচ দিনে কয়েক শ পরিবার বাস্তুভিটা হারিয়েছে। মাস খানেক আগে দুই টন এবং গত রোববার এক টন চাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য পেয়েছি। এ সাহায্য প্রয়োজনের তুলনায় একেবারেই কম। আরও দুই থেকে আড়াই হাজার লোকের জন্য সহায়তা প্রয়োজন। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসানুর রহমান বলেন, নদীভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসকের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাউবোর প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, হাবাসপুর এলাকায় পাউবোর কোনো প্রকল্প নেই। সুতরাং ওই এলাকার নদীভাঙন সম্পর্কে কিছুই করার নেই।