পাংশায় পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকার পদ্মা নদী থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শিপন সরদার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। শিপন সরদারের বাবার নাম মৃত গহের সরদার। তাঁর বাড়ি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে সুরুজ খাঁ নামে গ্রেপ্তারকৃত যুবক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, প্রায় পাঁচ মাস আগে মাছপাড়ায় বেড়াতে গিয়ে একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সুরুজ ও শিপনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শিপনের লোকজন সুরুজকে মারধর করে। এ ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য সুরুজ কৌশলে শিপনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। গত রোববার সুরুজ শিপনের বাড়িতে বেড়াতে যান। কিন্তু সন্ধ্যার পর তাঁকে রাস্তায় এগিয়ে দেওয়ার কথা বলে পদ্মা নদীতে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যার পর নদীতে লাশ ফেলে দেন। সুরুজ খাঁ (২৫) পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মৃত আবদুল মজিদ খাঁর ছেলে।