পাংশায় পুলিশের গুলিতে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলার শিয়ালের ডাঙ্গীর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গতকাল বুধবার ভোরে পুলিশের গুলিতে রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, রমজান আলী একজন ডাকাত। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্মশান ঘাট এলাকায়।এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বোমা, দুটি রামদা, বন্দুকের পাঁচটি গুলির খোসা ও একটি বিস্ফোরিত বোমার খোসা উদ্ধার করেছে। পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার ভোর পৌনে চারটার দিকে কলিমহর ইউনিয়নের শেয়ালের ডাঙ্গীর মোড় এলাকায় ১৫/১৬ জনের একদল ডাকাত রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে চারটি গাছের গুঁড়ি ফেলে রাখে। এ সময় টহল পুলিশের একটি দল মাইক্রোবাস নিয়ে ওই পথ দিয়ে এলে ডাকাতেরা তাঁদের থামায়। মাইক্রোবাস চালক দরজা খুলতে রাজি না হওয়ায় ডাকাতেরা রামদা দিয়ে বাসটির কাচ ভেঙে ফেলে এবং একটি বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় একটি ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। ডাকাতেরা মাইক্রোবাসে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। ডাকাতেরা তখন দুই-তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।