পাংশায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইসগেটে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর খেয়াঘাট এলাকায় শহররক্ষা বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধে ধসের সৃষ্টি হয়েছে। এ ছাড়া চর আফড়া এলাকায় স্লুইসগেটে ফাটল দেখা দিয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, আশির দশকের শেষ দিকে দৌলতদিয়া-খুলনা সড়কের গোয়ালন্দ উপজেলার জামতলা থেকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম পর্যন্ত ৪৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এবারের বন্যায় পদ্মায় তীব্র স্রোতের কারণে শহররক্ষা বাঁধের পাংশা উপজেলার কয়েকটি স্থান হুমকির মধ্যে রয়েছে।

গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পদ্মার উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বাঁধে। হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর খেয়াঘাট এলাকার দুটি স্থানে ধসের সৃষ্টি হয়েছে। হাবাসপুর গ্রামের বাসিন্দা বাচ্চু প্রামাণিক বলেন, শুক্রবার বিকেল থেকে বাঁধে ভাঙন শুরু হয়েছে। রাত যাওয়ার পর তা বাড়তে থাকে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

গতমপুর স্লুইসগেট বাজার এলাকার মুদি দোকানি শহিদ আলী প্রামাণিক বলেন, গত রাতে স্লুইসগেটে ফাটল দেখা দিয়েছে। এই স্লুইসগেট দিয়ে পানি ফরিদপুরের গড়াই নদীতে মিশেছে। গেট ভেঙে গেলে কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা অভিযোগ করেন, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন হয়। এর সঙ্গে সরকারদলীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। নিয়মনীতির তোয়াক্কা না করে বালু তোলায় নদীতে এভাবে ভাঙন শুরু হয়েছে।

পাংশা পাউবোর উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, বাঁধের ধসে যাওয়া অংশে দুপুর থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বালু ও বস্তা আনা হয়েছে। শ্রমিক দিয়ে বস্তায় বালু ভরাট করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পাইলিং শুরু করে বস্তা ফেলা হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, স্লুইসগেট তৈরির পর আর কোনো সংস্কার করা হয়নি। এতে করে সমস্যা তৈরি হয়েছে। ওই স্লুইসগেটটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। কিন্তু এখন সেটি মেরামত করা সম্ভব নয়। পানি কমে এলে সংস্কারকাজ শুরু করা হবে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে।