পাংশায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া খেয়াঘাট এলাকায় বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধে ধসের সৃষ্টি হয়েছে। এতে করে জেলার বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মিত বাঁধটি হুমকিতে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাংশা উপজেলার শাখা কর্মকর্তা সালাউদ্দিন ফিরোজ জানান, নদীতে ঢেউয়ের কারণে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। বাঁধের ঢালের কিছু অংশ নদীতে চলে গেছে। প্রথমে স্থানীয়রা বাঁশ দিয়ে প্রতিরক্ষার কাজ শুরু করে। বিষয়টি জানার পর বালুর বস্তা ফেলে কাজ শুরু করা হয়েছে। তবে বাঁধ তেমন হুমকিতে নেই বলে জানান তিনি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর বলেন, গতকাল শুক্রবার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি কমার সময় সাধারণত নদীতে ভাঙন দেখা দেয়। হাবাসপুরে পাঁচ লাখ টাকা ব্যয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হাবাসপুর ইউপির চরপাড়া এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাকা রাস্তায় বড় বড় বালুর বস্তা। শ্রমিকেরা বস্তায় বালু ভরা ও সেলাই করার কাজ করছেন। রাস্তার কিছু অংশ পদ্মার গর্ভে চলে গেছে। রাস্তার নিচে নদীতে বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। রাস্তার নিচে নদীতে বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে। এ সময় শ্রমিকেরা জানান, ১৬ জন শ্রমিক কাজ করছেন।
স্থানীয় বাসিন্দা আবদুল হাকিম জানান, গত মঙ্গলবার সকালে তিনিসহ আরও দুজন খেয়াঘাট এলাকায় দুয়ার (মাছ ধরার ফাঁদ) থেকে মাছ তুলতে যান। এ সময় বেড়িবাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা যায়। ফাটলগুলো আস্তে আস্তে নদীতে চলে যাচ্ছে। তখন তাঁরা দৌড়ে বাড়ি গিয়ে গাছপালা কেটে বাঁধ রক্ষার কাজ শুরু করেন। বিষয়টি এলাকায় মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। পরে সবাই যাঁর যাঁর মতো করে বাঁধ রক্ষার কাজে নেমে পড়েন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
চরপাড়া এলাকার বাসিন্দা আফছার প্রামাণিক জানান, হাকিম সকালে বাঁধের ভাঙন দেখার পর ডাক-চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে মাইকিং করা হয়। খবর পেয়ে স্থানীয়রা বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় রাজ্জাক ডাক্তার ১০০ বস্তা কিনে দেন।
কাজে নিয়োজিত শ্রমিক ও স্থানীয় বাসিন্দা বুদোই মল্লিক, রফিক মণ্ডল, আকরাম প্রামাণিকসহ সাত-আটজন বলেন, ‘বাঁধ ছুটে গেলে সবার সর্বনাশ হয়ে যাবে। শুধু পাংশা উপজেলা নয়, পুরো রাজবাড়ীতেই বন্যা দেখা দেবে। প্রথম দিন আমরা নিজেরাই কাজ শুরু করেছিলাম। তবে এখন যারা কাজ করছে তাদের মজুরি দেওয়া হবে।’
হাবাসপুর ইউপি চেয়ারম্যান আবদুল আলিম মণ্ডল জানান, বাঁধটি হুমকির মধ্যে রয়েছে। বস্তা ফেলে বাঁধটি আপাতত রক্ষা করা যাচ্ছে। কিন্তু এটি রক্ষার জন্য দীর্ঘমেয়াদি ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-খুলনা সড়কের গোয়ালন্দ উপজেলার জামতলা থেকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম পর্যন্ত ৪৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। আশির দশকের শেষ দিকে শহররক্ষা বাঁধের কাজ শুরু করা হয়। এই রাস্তার ওপরের অংশ দেখভালের জন্য রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।