পাংশায় বাসের চাপায় এএসআই নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলার নাচনা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গতকাল শুক্রবার সকালে বাসের চাপায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাগর আহমেদ (২৮) নিহত হয়েছেন। দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় আবদুস সবুর মণ্ডল (৩৮) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
নিহত সাগর গত ২৬ এপ্রিল পাংশা থানায় যোগ দেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিললাভ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রী ও এক শিশু মেয়ে রয়েছে।
এলাকাবাসী ও পাংশা থানা সূত্রে জানা যায়, সাগর মোটরসাইকেলে করে এক আসামিকে গ্রেপ্তার করতে পাংশার মাছপাড়া এলাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নাচনা এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী রাজমহল ক্লাসিক পরিবহনের একটি বাস (ফরিদপুর ০০-০২৫৬) তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া জানান, ময়নাতদন্তের পর বিকেলে সাগরের লাশ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও সহকারী পালিয়েছেন।
এর আগে বুধবার দিবাগত রাত দুইটায় রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত ও তিন কনস্টেবলসহ ১৫ জন আহত হন।
মাগুরা সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ডে দ্রুতগামী একটি ট্রাক রিকশাচালক আবদুস সবুর মণ্ডলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ঢাকা-খুলনা মহাসড়কের ওই জায়গা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশের হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই রিকশাচালক মাগুরা পৌরসভার কুকনা পাওয়ার হাউস পাড়ার অধিবাসী। মহাসড়কের ওই জায়গায় গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতির পর লোকজন অবরোধ তুলে নেন। কাল রোববার গতিরোধক নির্মাণ করা হবে।