পাংশায় বিচারপতির বাড়িতে ভাঙচুর, সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার খরখড়িয়া গ্রামে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল হাই খানের বাড়িতে গত বুধবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়। খরখড়িয়া গ্রামে বিচারপতি আব্দুল হাই খানের বাড়িটি দেখাশোনা করেন তাঁর চাচাত ভাই হাসেম আলী খান। তাঁর ভাষ্য, কিছু জমি নিয়ে প্রতিবেশী মন্টু খান, জাকির হোসেন খান ও সিরাজুল ইসলাম খানের সঙ্গে তাঁদের মামলা চলছে। গত সোমবার বিচারপতির বড় ভাই তোফাজ্জেল হোসেন খান মারা যান। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে নিয়ে কটাক্ষ করে প্রতিপক্ষের লোকজন। ওই সময় তাঁর (হাসেম খান) ছেলে মতিন খানের সঙ্গে সিরাজুলের ছেলে ইশা খানের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।হাসেম খান অভিযোগ করেন, ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে আটটার দিকে মন্টু, জাকির ও সিরাজুলের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন ইট-পাটকেল ছুড়ে বিচারপতির বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে। এ সময় লোকজন নিয়ে তিনি ধাওয়া করলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিপক্ষ আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। তাঁদের পক্ষে আহত হন আব্দুর রাজ্জাক খান, আজাদ খান, শরিফুল ইসলাম খান, লিয়াকত আলী খান, সোহেল খান, আইয়ুব আলী খান ও হোসেন আলী খান। খবর পেয়ে পাংশা থানা ও স্থানীয় মৃগী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য হাসেম খানের প্রতিপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বিচারপতি আব্দুল হাই খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন বলেন, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান ঘটনাস্থলে গিয়েছিলেন। বিস্তারিত তিনিই বলতে পারবেন। এসআই ওহেদুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে বলে ধারণা করা হচ্ছে। কোনো পক্ষই মামলা করেনি।