পাংশায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর এলাকায় গত মঙ্গলবার রাতে আমির আলী শিকদার (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সম্প্রতি বালুর ব্যবসা শুরু করেছিলেন। তাঁর বাড়ি চর রামনগর গ্রামে।
নিহত ব্যক্তির ভাই বিল্লাল শিকদার বলেন, শত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, আমির আলী স্থানীয় সাদারচর বাজার থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের ইসমাইলের বাড়ির কাছে পৌঁছালে তাঁর গতিরোধ করা হয়। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমির আলী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির সঙ্গেও তাঁর সখ্য ছিল।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী চায়না বেগম ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে গতকাল বুধবার থানায় হত্যা মামলা করেছেন।