পাংশায় মাদ্রাসার মাঠে ইট তৈরি
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের তারাপুর দাখিল মাদ্রাসার খেলার মাঠের জমি ইজারা নিয়ে সেখানে ইট তৈরি করা হচ্ছে। এ কারণে মাদ্রাসার পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইট তৈরির পর মাদ্রাসার মাঠে বসে দুপুরের খাবার খাচ্ছেন ইটভাটার শ্রমিকেরা। শ্রমিকদের মধ্যে কেউ কেউ গোসলের পর তাঁদের জামাকাপড় মাঠে শুকাতে দিয়েছেন। মাদ্রাসার পাশ দিয়ে ধুলো উড়িয়ে ছুটে চলছে ইটভাটার ট্রাক। মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে স্থাপিত এই মাদ্রাসায় শিক্ষার্থী ৩৫০ জন। প্রতিষ্ঠানটির খেলার মাঠের ১২ শতাংশ জায়গা দীর্ঘদিন থেকে ইজারা নিয়ে ওই জমিতে ইট তৈরি করে আসছেন এএনবি নামের একটি ইটভাটার মালিক।মাদ্রাসার সুপার আবদুল কাদের বলেন, তিনি এই মাদ্রাসায় আট বছর ধরে আছেন। এর আগে থেকেই মাদ্রাসার মাঠে ইট তৈরির কাজ চলছে। ইটভাটার শ্রমিকদের হইচইয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগে ব্যাঘাত ঘটে। স্থানীয় একজন দাতা মাদ্রাসা মাঠের ওই অংশে প্রাচীর তৈরির জন্য টাকা দিতে চেয়েছেন। টাকা পেলেই কাজ শুরু করা হবে।ইটভাটার মালিক রবিউল আলম বলেন, ‘বছরে শতাংশপ্রতি ৬০০ টাকা দিয়ে ওই জায়গা ব্যবহার করি।’ মাঠে ইট তৈরির ফলে শিক্ষার্থীদের সমস্যা হয় স্বীকার করে তিনি বলেন, ‘ওই জায়গা আমার এখন না হলেও চলে। মাদ্রাসা কর্তৃপক্ষ যেকোনো সময় তাদের জমিতে প্রাচীর দিয়ে দিতে পারে।’জেলা প্রশাসক হাসানুজ্জামান জানান, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।