পাংশায় মামলা প্রত্যাহারে বাউলদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদের মধ্যস্থতায় রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর গ্রামে বাউল সাধকদের চুল ও গোঁফ কেটে নির্যাতনের ঘটনায় আপস-মীমাংসা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা ক্ষমা প্রার্থনা করলে বাউল-সাধকেরা তাঁদের ক্ষমা করে দিয়েছেন।বাউল নির্যাতনের ঘটনায় করা মামলার বাদী বাউল সাধক মোহাম্মদ ফকির গতকাল বুধবার মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন। এ সময় আপসনামাও জমা দেন তিনি। গতকাল নয় আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বাদীর আপত্তি না থাকায় আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।৫ এপ্রিল চর রামনগর গ্রামে বাউল সাধক মোহাম্মদ ফকিরের বাড়িতে সাধুসঙ্গ চলাকালে একদল লোক ২৮ বাউলকে ধরে স্থানীয় মসজিদে নিয়ে তওবা পড়িয়ে তাঁদের চুল ও গোঁফ কেটে দেয়।নির্যাতিত বাউলদের পক্ষে মোহাম্মদ ফকির ১৩ জনের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন। বাউল নির্যাতনের এ ঘটনায় সারা দেশে সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। হাইকোর্টে একটি রিট আবেদনও হয়। বাউলদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, বাউল সম্প্রদায়ের মুক্তচিন্তা ও ধর্মীয় স্বাধীনতা কেন নিশ্চিত করা হবে না—এই মর্মে গত মঙ্গলবার রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের রুল জারির পর সন্ধ্যায় স্থানীয় সাংসদ সালিস করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংসদ মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পাংশা ডাকবাংলোয় সালিস শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়। এ সময় বাউল নির্যাতনের ঘটনায় করা মামলার বাদী, নির্যাতনের শিকার বাউল ও মামলার আসামিসহ উভয় পক্ষের কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী, পাংশা কলেজের অধ্যক্ষ শফিকুল মোর্শেদ, শহীদ দিয়ানত কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ এ সালিস করেন। একপর্যায়ে আসামিরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বাউল সাধকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বাউলেরা ক্ষমা করে দেন। পরে উভয় পক্ষ করমর্দন করে। এ সময় মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়। বাউল সাধক মোহাম্মদ ফকির বলেন, ‘সবাই আমাদের কাছে ক্ষমা চাইছিলেন, তাই ক্ষমা করে দিয়েছি।’সালিসে উপস্থিত বাউল আকু ফকির বলেন, ‘আমরা তো বাউল সাধু, ক্ষমা করাই উত্তম ধর্ম। আমাদের কোনো অনুষ্ঠানে আর কেউ বাধা দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই ক্ষমা করা হয়েছে।’সাংসদ মো. জিল্লুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘আমি দুই পক্ষকেই ডেকেছিলাম। সেখানে অপরাধীরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। বাউলেরা তাদের ক্ষমা করে দেন। সালিসে সিদ্ধান্ত হয়েছে, কেউ কারও ধর্ম সম্পর্কে কটূক্তি করবে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবে এবং মামলা তুলে নেবে। সবাই যার যার আচার-অনুষ্ঠান শান্তিতে ও নির্বিঘ্নে করতে পারবে।’