পাংশায় শিক্ষককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুস সবুর খান (৪৫) নামের এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় আল মামুন (১৪) নামের এক স্কুলছাত্র এবং মেহেরপুরের মুজিবনগরে সাহাব উদ্দীন (২২) নামের আরেক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:রাজবাড়ী: গতকাল বুধবার সকাল আটটার দিকে পাংশা উপজেলার লক্ষণদিয়া গ্রামের একটি গমখেতের পাশ থেকে আবদুস সবুর খানের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তিনি লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা, হলুদবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাছপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। নিহত শিক্ষকের ভাই সহিদ খান জানান, গত মঙ্গলবার রাত নয়টার দিকে সবুর খান মাছপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার পরও বাড়ি না ফেরায় তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির কাছে গভীর নলকূপের পাশে তাঁর পরনের প্যান্ট ও মোটরসাইকেল পাওয়া যায়। এরপর সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁর লাশ পাওয়া যায়। লাশটি বস্তায় ভরে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, তাঁদের প্রতিবেশী নিহত সবুরের শ্বশুর আবদুল হামিদ সরদার ও চাচাশ্বশুর সামাদ সরদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাঁরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আবদুল হামিদ সরদারকে থানায় আনা হয়েছে।মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, গত মঙ্গলবার বিকেলে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আল মামুনের লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় বড় মাছুয়া ইউনাইটেড ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম সবুর খান। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।কুষ্টিয়া: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের একটি আমবাগান থেকে গত মঙ্গলবার দুপুরে সাহাব উদ্দীনের লাশ উদ্ধার করা হয়। তিনি মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রের রবাত দিয়ে মুজিবনগর থানার পুলিশ জানায়, সাহাব উদ্দীন গত শুক্রবার অভিমান করে বাড়ি থেকে বের হন। এরপর তিনি বিষপান করেছেন বলে বাড়িতে মুঠোফোনে জানান। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পাননি। লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।