পাংশায় সংঘর্ষে বিএনপির কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার চরআফড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাংশা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চরআফড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মজিবর ফকিরের সঙ্গে ইউনিয়ন বিএনপির সদস্য আনছার আলীর লোকজনের সংঘর্ষ বাধে। সন্ধ্যার দিকে মজিবর ফকিরের লোকজনের অস্ত্রের আঘাতে আনছার আলী মোল্লার ছোট ভাই ও বিএনপির কর্মী আবুল মোল্লা (৩২) গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতদের মধ্যে উজ্জ্বল মোল্লা, আনছার আলী, খলিল মোল্লা, দুলাল মোল্লা, সোবাহান ও মজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আবুল মোল্লা হাবাসপুর ইউনিয়ন বিএনপির কর্মী বলে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত সরদার নিশ্চিত করেছেন। পাংশা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আনছার আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছেন।