পাংশায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর পাংশা পৌরসভায় সড়ক ও নর্দমা সংস্কার, জলাবদ্ধতা এবং যানজট নিরসনের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। পৌরসভার স্টেশন রোডের কালীবাড়ি মোড় এলাকায় এই কর্মসূচি পালন করেন উপজেলা বণিক সমিতি ও স্টেশন বাজারের ফল ব্যবসায়ীরা।
এতে সভাপতিত্ব করেন পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার কুণ্ডু। এ সময় বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর আবদুল ওহাব সরদার, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহারাম সরদার, সহযোগী অধ্যাপক এম এ জিন্নাহ, ব্যবসায়ী হাকিম বিশ্বাস প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আল মাসুদ বিশ্বাস। মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, গত মার্চে পাংশা রেলগেট থেকে বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়েছে। ঠিকাদারের ভাই পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। এ জন্য তিনি ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী খান এ শামীম প্রথম আলোকে বলেন, প্রায় আট কিলোমিটার রাস্তার অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু পিচ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। পৌরসভার মধ্যে কয়েকটি স্থানে প্রায় ৮০০ মিটার রাস্তার উন্নয়নকাজ করা হবে। অল্প সময়ের মধ্যে পৌরসভার অংশে কাজ শুরু হবে।