পাংশায় 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলায় গত রোববার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রব (২৮) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ নিয়ে তিন দিনের ব্যবধানে উপজেলায় দুটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটল। আবদুর রবের বাড়ি কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামে। বাবার নাম আবদুর রহমান।
পুলিশের ভাষ্যমতে, আবদুর রব ডাকাত দলের সদস্য ছিলেন। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ ও চারটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় পাংশা থানার দুই উপপরিদর্শক (এসআই) আবু সায়েম ও হাফিজুর রহমানসহ পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। অন্যজন হলেন কনস্টেবল রফিকুল ইসলাম।
এসআই আবু সায়েমের ভাষ্য, রোববার রাত পৌনে ১১টার দিকে আবদুর রবকে তাঁর বাড়ির এলাকা থেকে আটক করা হয়। এরপর তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় দুই ঘণ্টা পর কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুর রবের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আবদুর রবকে আহত অবস্থায় রাত ৩টা ১০ মিনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে তিনি মারা যান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ পুলিশের হেফাজতে দেওয়া হয়। পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত জানান, ময়নাতদন্ত শেষে লাশ গতকাল রবের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।