পাংশা-বাহাদুরপুর সড়েক খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা-বাহাদুরপুর সড়কের বিভিন্ন স্থানে খোয়া ও পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করা এবং ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির এ অবস্থা হয়েছে। ফলে ওই অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পাংশা সূত্র জানায়, পাংশা শহরের টেম্পোস্ট্যান্ড থেকে বাহাদুর ইউনিয়নের সেনগ্রামের কালীতলা বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। ২০১১ সালে সড়কটি মেরামত করা হয়।
এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘আমি পাংশায় যোগদানের আগে রাস্তাটির সংস্কার করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না করায় অনেক স্থানে খোয়া ও পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু করতে পারব।’
স্থানীয় সূত্র জানায়, সড়কটি দিয়ে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাস এবং স্থানীয় নছিমন, করিমন, ট্রলি, ইজিবাইক, মহিষ ও ঘোড়ার গাড়ি, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এই সড়ক দিয়ে বাহাদুরপুর, হাবাসপুর, সেনগ্রাম, উদয়পুর, লক্ষ্মীপুর, চরদৌলতদিয়া, জরঝিকুরী, জয়কৃষ্ণপুর, তারাপুর, বকশিপুর, চরপাড়া, কাচারিপাড়া, আমবাড়িয়া, তাহেরপুর, ধোকড়া খোলসহ আশপাশের বিভিন্ন গ্রামের অন্তত ১৫ হাজার লোক পাংশায় যাতায়াত করেন। পাংশা থেকে পাবনা ও কুষ্টিয়া যাওয়ার জন্যও সড়কটি ব্যবহার করা হয়।
হাবাসপুর ইউনিয়েনর ইউপি চেয়ারম্যান আল মামুন খান বলেন, ‘রাস্তাটি সংস্কার করার জন্য সাংসদকে অনুরোধ করেছি। সাংসদ এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। ’