পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড পেলেন রশীদ তালুকদার
প্রথম বাংলাদেশি হিসেবে ‘পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড-২০১০’ পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট ফটোসাংবাদিক রশীদ তালুকদার। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অল রোডস প্রোগ্রামের আওতায় প্রতিবছর বিশ্বের একজন সেরা ফটোসাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। রশীদ তালুকদারের কাজের মূল অংশ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্বের ছবি। পুরস্কার হিসেবে তিনি সাড়ে ছয় হাজার মার্কিন ডলার পাবেন। এ ছাড়া ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি আগামী ২০ ও ২১ নভেম্বর ওয়াশিংটনে তাঁর আলোকচিত্র নিয়ে একটি বিশেষ প্রদর্শনী করবে। রশীদ তালুকদারের জন্ম ১৯৩৯ সালের ২৪ অক্টোবর। ১৯৬২ সালে দৈনিক সংবাদ-এ আলোকচিত্রী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ইত্তেফাকে তিনি ২৯ বছর কাজ করেছেন। গত ৪৬ বছর ধরে তিনি ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। এর আগেও তিনি দেশি ও বিদেশি ৭৫টি পুরস্কার পেয়েছেন। এ পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে রশীদ তালুকদার প্রথম আলোকে বলেন, এটি কেবল আমার জন্য নয়, বাংলাদেশের জন্য এটি বড় অর্জন। এর আগেও আমি অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির এ পুরস্কারের মর্যাদা অন্য রকম।