পাইকগাছার সব কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ
খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে সব ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান। সে অনুযায়ী ভোটকেন্দ্রগুলোর জন্য সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে নয়টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত হয়। ২০১২ সালে এটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়। এখানে ভোটার ১২ হাজার ৬৮৫ জন। মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী জি এম আবদুস সাত্তার বলেন, ‘আমাদের কাছে সব কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ। কারণ, এক কেন্দ্রে অস্থিরতা শুরু হলে অন্য কেন্দ্রেও তার প্রভাব পড়বে।’
তবে আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর বলেন, ‘অতীতে পাইকগাছায় নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে। কারণ, নির্বাচন শান্তিপূর্ণ হলে আমারই লাভ বেশি হবে।’
এ ব্যাপারে পাইকগাছার রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান গত বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আইনের ভাষায় এখন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয় না। তবে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সে অনুযায়ী, আমাদের সব কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ। আমরাও পুলিশের কাছে সে অনুযায়ী নিরাপত্তা দেওয়ার কথা বলেছি।’