দেশের বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুস্থ পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে সরকার। তবে উদ্বোধনের এক মাস পরও খুলনার পাইকগাছা উপজেলার আটটি ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়নি।
উপজেলা খাদ্য বিভাগের দাবি, ইউনিয়ন কমিটি সময়মতো সুবিধাভোগীদের পরিপূর্ণ তালিকা দিতে ব্যর্থ হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, ইউপি সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে তালিকা করার পরও স্থানীয় সাংসদ (পাইকগাছা-কয়রা) শেখ মো. নূরুল হক নিজে একটি করে তালিকা পাঠিয়েছেন। এ কারণে তালিকা তৈরিতে বিলম্ব হচ্ছে। এ ছাড়া সাংসদের সুপারিশে বেশির ভাগ ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার ১০টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল পাবে ১৩ হাজার ১২৩টি দরিদ্র পরিবার। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে ২৫ জন ডিলার। চূড়ান্ত তালিকা সম্পন্ন হওয়ায় কপিলমুনি ও গড়ইখালী ইউনিয়নের কার্ডধারী দরিদ্র পরিবারের মধ্যে চাল বিক্রি করা হয়েছে। তবে বাকি আট ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়নি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, হরিঢালী ইউপিতে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে ১ হাজার ৩২৫ জনের একটি তালিকা তৈরি করা হয়। সবার সম্মতি নিয়ে সেটা অনুমোদনও করা হয়। কিন্তু সাংসদ ৩২৩ জনের একটি নতুন তালিকা পাঠান। এ কারণে চূড়ান্ত তালিকা তৈরি হয়নি। একই অভিযোগ তালিকা করতে দেরি হওয়া কয়েকজন ইউপি চেয়ারম্যানের। তবে তাঁরা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
সোলাদানা ইউপির চেয়ারম্যান এস এম এনামুল হক বলেন, উপকারভোগীদের তালিকা আগেই দেওয়া হয়েছে। কার্ড তৈরির কার্যক্রম চলছে। আশা করি কয়েক দিনের মধ্যেই চাল বিক্রির কার্যক্রম শুরু করা যাবে।
পাইকগাছা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বজলুর রহমান গাজী বলেন, ‘যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা পূর্ণাঙ্গ তালিকা দিতে দেরি করেছেন, সেখানে চাল বিক্রি করতে দেরি হচ্ছে। তবে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আশা করি কিছুদিনের মধ্যেই বাকি ইউনিয়নে চাল বিক্রি শুরু হবে।’
এদিকে, রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। সাংসদ শেখ মো. নূরুল হকের সুপারিশ করা সব ডিলারকে নিয়োগ দেওয়া হয়েছে। পাইকগাছা উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ডিলার নিয়োগের ক্ষেত্রে সাংসদ ১৫ জনের বেশি মানুষের জন্য সুপারিশ করেছিলেন। তাঁদের সবাইকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগ সম্পর্কে সাংসদ শেখ মো. নূরুল হক বলেন, যেসব এলাকায় বিএনপি ও জামায়াতের চেয়ারম্যান আছেন, শুধু সেসব এলাকায় উপকারভোগীদের তালিকা পাঠানো হয়েছে। ডিলার নিয়োগে সুপারিশের ব্যাপারে তিনি বলেন, ‘আমি ওই কমিটির উপদেষ্টা, তাই কিছু ডিলার আমার কাছ থেকে সুপারিশ নিয়েছেন।’