পাইকগাছায় চিংড়িঘের পক্ষের লোকজনের হামলায় বিপক্ষের ১০ জন আহত
খুলনার পাইকগাছায় লোনাপানিতে চিংড়ি চাষের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর চিংড়িঘের পক্ষের লোকজনের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আন্দোলনকারী গ্রামবাসী মধুখালী গ্রাম থেকে একটি মিছিল বের করে। সেখানে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় এক কর্মকর্তা আশ্বাস দেন স্লুইসগেট দিয়ে লোনাপানি তুলতে দেওয়া হবে না। আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা শান্ত হয়ে ফিরে যেতে থাকে। তখন নদীপথে ট্রলারে করে ৪০-৫০ জন লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে পৌঁছে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সৈয়দখালী গ্রামের রাজ্জাক মোল্লা, জিরবুনিয়া গ্রামের হরিদাস মণ্ডল, মধুখালী গ্রামের বিকাশ গোলদার এবং একই গ্রামের বিপুলকে আশঙ্কাজনক অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।লোনাপানিতে চিংড়ি চাষবিরোধী আন্দোলনের নেতা দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ হালদার জানান, শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে ঘেরমালিকদের পক্ষের সন্ত্রাসীরা পেছন থেকে হামলা চালায়।এ ঘটনার পর আন্দোলনের পক্ষের ও বিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে বলে জানা গেছে।খুলনার পুলিশ সুপার (এসপি) তানভীর হায়দার চৌধুরী জানান, পাইকগাছার ২০ নম্বর পোল্ডারে লোনাপানি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।