খুলনার পাইকগাছা পৌরসভার দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর আবেদন গত রোববার বাতিল করা হয়েছে। এ ছাড়া চালনায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপির মনোনীত প্রার্থী জি এম আবদুস সাত্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মজিদ গাজী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হাসান, পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও জেলা যুবলীগের নেতা শেখ আনিসুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) হজরত আলী বলেন, স্বতন্ত্র প্রার্থিতার পক্ষে প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় শেখ কামরুল হাসান ও শেখ আনিসুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আমোদিনী রায়, আরতি রায় ও সুফলা মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে তিনজন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে জামিলা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের গরমিল থাকায় সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারী একই ব্যক্তি ও সই অন্য ব্যক্তির হওয়ায় ৩ নম্বর ওয়ার্ডের একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।