পাইকগাছায় পানির জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির জন্য লোকজনকে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় যে গোসল ও গৃহস্থালি কাজের জন্যও পানি পাওয়া যাচ্ছে না। উপজেলার বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক গভীর নলকূপ না থাকা, লবণাক্ত পানি এবং এলাকার পুকুর ও খালগুলো শুকিয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।উপজেলার শিবসা নদীর বেড়িবাঁধের পাশের শিববাটি এলাকার বাসিন্দা গৃহবধূ আমেনা বেগম গত রোববার ভ্যানে চড়ে খাওয়ার পানি আনতে অন্য এলাকা সরলে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘এই দুপুরে রদি (রোদের মধ্যে) ৩০ লিটার পানির ডিরাম নিয়ে বাড়িত্তে বার হইছি কি খালি খালি? পানির জ্বালায় এহন তিন কিলো দূরি যায়ে ১৫ টাহা দিয়ে পানি আনতি পারলি রান্না-খা হবে।’আমেনা বেগমের মতো পাইকগাছা উপজেলার অনেকেই এভাবে কষ্ট করে অনেক দূর থেকে সুপেয় পানি এনে তাদের দৈনন্দিন কাজ সারছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে উপকূলীয় পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নে কোথাও সুপেয় পানির জন্য গভীর নলকূপ বসানো সম্ভব হয়নি। হরিঢালী, কপিলমুনি, গদাইপুর ও রাড়ুলি ইউনিয়নে অগভীর নলকূপ থাকলেও সেগুলোর ৬৫ শতাংশ আর্সেনিকযুক্ত।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ সাধারণত পুকুরের পানি দিয়ে গোসল ও গৃহস্থালির কাজ সারে। বিকল্প না থাকায় তারা পুকুরের পানিই পান করে। কিন্তু পানিসংকটের কারণে পৌর শহরের বাসিন্দাদের কষ্ট হচ্ছে বেশি। ব্যক্তিমালিকানাধীন পানি বিশুদ্ধকরণ দুটি প্ল্যান্ট থেকে তাদের পানি কিনতে হচ্ছে। কিন্তু ওই পানি দিয়ে দৈনন্দিন সব কাজ তারা সারতে পারছে না।উপজেলা সদরের বাসিন্দা জি এম আবদুল হালিম বলেন, ‘খাওয়ার পানি তো কিনতে পারছি, কিন্তু পুকুরগুলোর পানি শুকিয়ে যাওয়ায় গোসল করা খুব কঠিন হয়ে পড়েছে।’পাইকগাছা লবণপানিবিরোধী কৃষি ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি প্রদীপ মহলদার জানান, এখানকার স্কুলগুলোয়ও সুপেয় পানির ব্যবস্থা নেই। পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান জানান, পৌর এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাব। তা ছাড়া টিউবওয়েলের পানিতে রয়েছে অত্যধিক আর্সেনিক।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ সরফাজ আলী জানান, পাইকগাছায় বৃষ্টির পানি ছাড়া সুপেয় পানি পাওয়া খুব কঠিন। এখানকার মানুষের প্রধান ভরসা বৃষ্টির পানি। মাছের চাষ করায় পুকুরগুলোর পানি লবণাক্ত হয়ে যাচ্ছে। তাই এলাকার পানিসমস্যা সমাধানের জন্য সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে একাধিক পুকুরের পাড়ে বালুর ফিল্টারের ব্যবস্থা (পানি বিশুদ্ধকরণের বিশেষ প্ল্যান্ট) গড়ে তোলা হবে। পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, সুপেয় পানির সংকটই পাইকগাছার প্রধান সমস্যা। সরকারের বিশেষ উদ্যোগ ছাড়া এত বড় সমস্যার সমাধান করা সম্ভব নয়। তা ছাড়া বড় পুকুরগুলোও খনন করা দরকার।খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী বলেন, ‘পানির সংকট দূর করার জন্য কাবিটা কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটা করে পুকুর সংস্কার করে দেব। আগামী রোববারের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ডিও লেটার দেব।’