পাইকগাছায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন ঘেরে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এর কারণ হিসেবে চাষিরা ভাইরাস সংক্রমণের কথা বলছেন। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মরা চিংড়িতে তাঁরা কোনো রোগবালাই খুঁজে পাচ্ছেন না।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ঘেরে চিংড়ি চাষের জন্য পর্যাপ্ত পানির অভাব রয়েছে। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। ফলে চিংড়ি মারা যাচ্ছে।
লস্কর ইউনিয়নের চিংড়িচাষি আইয়ুব আলী মোল্লা বলেন, ১৯৮৭ সাল থেকে তিনি ঘের করছেন। এবারও ২৫০ বিঘা জমিতে বাগদা চিংড়ি চাষ করেছেন। কিন্তু বছরের প্রথম থেকেই চিংড়ির পোনায় মড়ক লেগেছে। পোনা ছাড়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে বেশির ভাগ পোনা মরে যাচ্ছে। তিনি দাবি করেন, তাঁর ঘেরে পর্যাপ্ত পানি রয়েছে। তা ছাড়া নিয়মিত পরিচর্যা থেকে শুরু করে পর্যাপ্ত খাদ্যও দিয়ে থাকেন।
স্মরণখালী গ্রামের ত্রিনাথ বাছাড় বলেন, তিনি এবার ৩০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছেন। বছরের প্রথমে অবমুক্ত করা বাগদা পোনাগুলো এপ্রিল মাসের শেষের দিকে মরে গেছে। এতে তাঁর চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তাঁর এলাকার ঘেরগুলোতে পর্যাপ্ত পানি নেই বলে জানান তিনি।
চিংড়িচাষিরা বলেন, উপজেলার বেশির ভাগ ঘেরেই কমবেশি বাগদা চিংড়ি মারা যাচ্ছে। যেসব চিংড়ি অস্বাভাবিকভাবে মারে যাচ্ছে, বরফে দিলেই সেগুলোর রং পাল্টে যাচ্ছে এবং অপেক্ষাকৃত নরম হয়ে পড়ছে। তাই এগুলো বিক্রিও করা যায় না।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, পাইকগাছায় ছোট-বড় প্রায় চার হাজার ঘের রয়েছে। এর আয়তন ১৭ হাজার ৭৫ হেক্টর। এ বছর ৩০ শতাংশ ঘেরের ১০ শতাংশ মাছই মারা যাচ্ছে। গত বছর চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার মেট্রিক টন। কিন্তু পোনা মরে যাওয়ায় ওই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গতবারের মতো এবারও মৌসুমের শুরুতেই ব্যাপক হারে চিংড়ি মারা যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন, বাগদা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর লবণসহিষ্ণু মাত্রা হলো সর্বোচ্চ ২৫ পার্টস পার থাউস্যান্ড (পিপিটি)। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। পাশাপাশি চিংড়ি চাষের জন্য যে পরিমাণ পানি প্রয়োজন, তা ঘেরগুলোতে নেই। এ কারণে লবণাক্ততা বেড়ে গিয়ে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। তা ছাড়া হঠাৎ বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রার এ তাৎক্ষণিক পরিবর্তনেও চিংড়ির ক্ষতি হচ্ছে। এ সমস্যা সমাধানে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।