পাইকগাছায় লবণ পানির চিংড়ি চাষ বন্ধের দাবিতে মানববন্ধন
কৃষি জমিতে লবণ পানির চিংড়ি চাষ বন্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনার পাইকগাছা উপজেলা সদরে মানববন্ধন করা হয়েছে।বেসরকারি সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নিজেরা করি, ভূমিহীন সমিতি, কৃষি ও পরিবেশ সংরক্ষণ কমিটি, কৃষি কল্যাণ সংস্থা, রূপায়ন, লিডার্স, লেটআস প্রোগ্রেস ও করুণাময়ী স্মৃতি সংসদ এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন থেকে লবণ পানির চিংড়ি চাষ বন্ধসহ খাসখাল ও জলাশয় অবমুক্তকরণ, লবণ পানির চিংড়ি চাষসংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন, সামুদ্রিক জলোচ্ছ্বাস রোধে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উঁচু করা এবং ২০ জানুয়ারি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিংড়ি চাষসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান হয়। এ সময় বক্তব্য দেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার প্রমুখ।শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।